চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের মো. ইয়াসির আরাফাত, এএসপি (প্রবেশন), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুলাই ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
অপরাধ সভায় জেলার অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।