চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকতার পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়ায়। তাই সংবাদ সংগ্রহ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে সাংবাদিকদের সতর্কতা এবং পেশাগত নীতিমালা অনুসরণ করা জরুরি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় অপপ্রচার, ভুল তথ্য, গুজব ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের করণীয়সহ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই ও পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালার মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।