গাজী তরিকুল, বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি:
বটিয়াঘাটা সদরের কিসমত ফুলতলা পুরাতন ভাটার মোড় সিলিন্দামারী এলাকায় গোবিন্দ বাড়ৈ (৫৫) নিহতের ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পলি মল্লিক বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৬/২৬। এজাহারে আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়ির পুকুর ঘাট থেকে গোবিন্দ বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। মামলার এজাহারে নিহতের স্ত্রী উল্লেখ করেন, তার মেয়ে পূর্বা বাড়ৈ সন্ধ্যার দিকে বাবাকে বিছানায় শুইয়ে রেখে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর আবার বাড়িতে ফিরে এসে বাবাকে পুকুর ঘাটে পড়ে থাকতে দেখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে সময়ের ব্যবধান নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এ ছাড়া এজাহারের বর্ণনা অনুযায়ী, পূর্বা বাড়ৈ একাই তার বাবাকে পুকুর ঘাট থেকে ঘরে নিয়ে আসেন বলে উল্লেখ রয়েছে। একজন নারী একা একজন প্রাপ্তবয়স্ক মৃত ব্যক্তিকে কীভাবে পুকুর ঘাট থেকে ঘরে নিয়ে এলেন এ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার দিন পূর্বা বাড়ৈ দেবীতলা থেকে এসে বাবার সঙ্গে রাতের খাবার খান। পরে তিনি চলে যাওয়ার কিছু সময় পর আবার ফিরে আসেন। কী কারণে তিনি এত অল্প সময়ের মধ্যে আবার বাড়িতে ফিরলেন এ নিয়েও নানা আলোচনা চলছে। তবে এসব বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ ও সন্দেহের কথা উঠলেও, সেগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিশেষ করে পূর্বা বাড়ৈ বা অন্য কারও বিরুদ্ধে বিষ প্রয়োগ, মরদেহ সরিয়ে নেওয়া কিংবা হত্যায় জড়িত থাকার যে অভিযোগ স্থানীয় সূত্রে ছড়িয়েছে, তার পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা ও চোয়ালে আঘাতের চিহ্ন এবং মুখে ফেনা থাকার কথা জানা গেছে। ঘটনাটি তদন্ত করতে পুলিশের সিআইডি সদস্যরা কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তখনও মামলা না হওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, নিহতের ঘনিষ্ঠ কেউ মামলা করতে আগ্রহী ছিলেন না। পরে পুলিশ উদ্যোগ নিয়ে নিহতের স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, নিহত গোবিন্দ বাড়ৈ মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে দেড় কোটি টাকার জমি বিক্রি করেছিলেন। সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল কি না, কিংবা তার মৃত্যুর সঙ্গে সম্পত্তি বিক্রির কোনো যোগসূত্র রয়েছে কি না—তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোবিন্দ বাড়ৈর মৃত্যুর প্রকৃত কারণ কী, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপর নির্ভর করছে। পুলিশ বলছে, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
গোবিন্দ বাড়ৈ হত্যা মামলায় শেষ পর্যন্ত প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে নিহতের পরিবার ও স্থানীয়রা।