ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বিভিন্ন বিভাগ, হল, অফিস ও ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা। সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতাকা উত্তোলন করা হবে৷ এছাড়া শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হবে।
জানা যায়, উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
আরও জানা যায়, আলোচনা শেষে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হবে। এতে বিভিন্ন দপ্তর, বিভাগ, হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেবে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। পরে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করবেন সংশ্লিষ্টরা। পরে র্যালিটি প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
এদিকে, ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে।