যবিপ্রবি প্রতিনিধি: সাকিবুল ইসলাম.
ফাইনালের লড়াইয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিল না শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। আর তাতেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর শিরোপা নিজেদের করে নেয় পিইএসএস বিভাগ। অন্যদিকে, রানার-আপ হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুই বিভাগের খেলোয়াড়দের লড়াই ঘিরে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, একাডেমিক ব্যস্ততার মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের জন্য আনন্দ ও স্বস্তির উপলক্ষ তৈরি করে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকাশ এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। টুর্নামেন্টের উচ্ছ্বাস শেষে শিক্ষার্থীদের আবারও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। খেলাধুলার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে পারে। যথাযথ সুযোগ ও পরিচর্যা পেলে তাঁদের কেউ কেউ জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফুটবলের এই আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি অর্জন উদ্যাপন করা হয়। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আগে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানার-আপ বীরপ্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া বাংলাদেশ জাতীয় নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতার এককে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দারকে সংবর্ধনা দেওয়া হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ রানার-আপ হওয়া যবিপ্রবি নারী ফুটবল দলকেও সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এ সময় জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
মাঠজুড়ে দর্শকদের উল্লাস ও করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।