চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্যবাজারে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ চিকিৎসা ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাপত্র দেওয়া হয়।
নিউ ভিশন আই কেয়ার সেন্টারের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক আল ইমরানের নেতৃত্বে চিকিৎসক দলের সদস্যরা অত্যন্ত যত্নের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা শেফালী বেগম বলেন, কয়েকদিন ধরে তিনি চোখে ঝাপসা দেখছিলেন। অর্থের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারছিলেন না। হেলাল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা করাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ফয়জন বেগম নামের আরেক রোগী বলেন, দরিদ্র মানুষের জন্য চোখের চিকিৎসার খরচ বহন করা কঠিন। বাড়ির কাছাকাছি বিনামূল্যে এমন চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় হেলাল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হেলাল উদ্দীন বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। কসবা ইউনিয়নসহ নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইজুদ্দীন টুনু মাস্টার। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের জন্য হেলাল ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি রাহেমা বেগম বলেন, এর আগেও তিনি হেলাল ফাউন্ডেশনের মাধ্যমে চক্ষু চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় ফাউন্ডেশনটির ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় ওবায়দুর রহমান, খায়রুল আলম, সামসুল হক সরদার, আবুল কালাম আজাদ, কোরবান আলী, বিফল চন্দ্র বর্মন, রাসেল ও রোসদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অর্থের সংকটে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প অত্যন্ত কার্যকর। একই সঙ্গে হেলাল ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান তারা।