চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হালিমা খাতুন তরিকা (১৬)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হালিমা জানতে পারেন যে তিনি ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।