উজান থেকে নেমে আসা ঢলে টানা সাতদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ছে। এতে সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার প্রায় ৩৬২ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির কারণে জেলার নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। কোথাও বসতঘরের আশপাশে, আবার কোথাও ঘরের আঙিনায় পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। গবাদিপশু, ঘরের জিনিসপত্র ও ফসল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া নিয়ে দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৬২ হেক্টর জমির আমন-আউশ ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।
পানি বাড়ার কারণে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানও প্লাবিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা রয়েছে। প্লাবিত প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও সদর উপজেলা এসিল্যান্ড একরামুল হক নাহিদ জানান, পানি বৃদ্ধির ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে প্রায় দুই হাজার পরিবারের মানুষ দুর্ভোগে পড়েছেন। প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল-ডাল, শুকনো খাবার ও ওষুধসহ ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এরই মধ্যে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে।
এদিকে শুধু পদ্মা নদী নয়, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নদী দুটির প্রতিটিতে পানি ১০ সেন্টিমিটার করে বেড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত নদ-নদীর পানি বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করবে। তবে জেলার তিনটি নদীর কোনোটি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।
তবে পানি আরও বাড়লে নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। দ্রুত পানি কমে স্বাভাবিক জীবন ফিরে আসবে—এমন প্রত্যাশায় রয়েছেন পানিবন্দি মানুষ।