সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্য ও ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদে খুলনার খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। খালিশপুর থানা বিএনপির উদ্যোগে রোববার (২২ নভেম্বর) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়, যা চলমান রয়েছে।
থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বাবুর নেতৃত্বে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে থানাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব কাজী শামীম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
কর্মসূচিতে বক্তব্যকালে খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বাবু বলেন, “আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ ও যুবলীগ যদি রাস্তায় নেমে কোনো ধরনের সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গসংগঠন সম্পূর্ণ প্রস্তুত। আমরা জনগণের পাশে থাকব এবং ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই খালিশপুর থানার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ নভেম্বর ভোর থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।