চাঁপাইনবাবগঞ্জে অসাধু শিকারীদের কাছ থেকে উদ্ধার করা ২৩টি বন্য টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত থেকে টিয়া পাখিগুলো অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের সুভাগ উচ্চ বিদ্যালয়ের পাশে ফাঁদ পেতে বন্য টিয়া পাখি শিকার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
তবে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে শিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখিগুলো সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসার পর সেগুলোকে উন্মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বন্য পাখি শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাখিগুলো অবমুক্ত করার সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, বন কর্মকর্তা নাইমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও পাখি শিকার বন্ধে স্থানীয় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।