রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং নবগঠিত গভর্নিং বডির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মাওলানা মো. সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মাদ্রাসার নিয়ম-কানুন মেনে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং নবগঠিত গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।