মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে কোরআন হিফজ সম্পন্নকারী আট শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের এলকে সিদ্দিকী স্কয়ার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী স্কলার এম হাসিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুননবী, একেএম ফজলুল হক ও আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
জান্নাতুল বানাত মাদ্রাসার প্রিন্সিপাল এম তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে কোরআন হিফজ, অধ্যবসায়, মেধা ও ধর্মীয় শিক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আট শিক্ষার্থী—আবদুল্লাহ, জাবিন, মুবাশ্বির, জুবায়ের, উসমান, ইমতিয়াজ, ওয়াসিক ও জান্নাতুল মাওয়াকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় তাদের সংবর্ধনা জানিয়ে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। কোরআনের শিক্ষা শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজকেও নৈতিকতা, আদর্শ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। কোরআনের আলোয় আলোকিত একটি আদর্শ সমাজ গঠনে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং হাফেজদের যথাযথ মূল্যায়ন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।