গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার লক্ষ্যে সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে ৩ কোটি টাকা প্রয়োজনের কথা উল্লেখ করে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি পর্যায়ক্রমে আরও অনুদান অব্যাহত রাখার কথা জানান তিনি।
সভায় বক্তারা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।