প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা এবং এ বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে ‘মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধিতা’ বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মানিকগঞ্জ গণকল্যাণ ট্রাস্টের মিলনায়তনে এ সচেতনতা সেশনের আয়োজন করা হয়। গণকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং সাজেদা ফাউন্ডেশনের ‘মেন্টাল হেলথ ফর পার্সনস উইথ ডিজএবিলিটিজ’ (Mental Health for Persons with Disabilities) প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সেশনে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ১০ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
আয়োজিত সেশনে মানসিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা, মানসিক অসুস্থতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক বাধা ও বৈষম্য, প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মানসিক স্বাস্থ্যসেবা এবং রেফারাল ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আলোচনা সভায় রত্না খাতুন, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ ফর PWD প্রোগ্রাম, অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক বৈষম্য ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আ.ল.ম. আব্দুর রব, প্রোগ্রাম অফিসার, মেন্টাল হেলথ ফর পার্সনস উইথ ডিজএবিলিটিজ প্রোগ্রাম, সাজেদা ফাউন্ডেশন, মানিকগঞ্জ।
সেশনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।
তারা নিজ নিজ অবস্থান থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সচেতনতা সেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।