মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।
পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।