ফেনীতে পায়ুপথে প্লাস্টিকের হ্যান্ড শাওয়ার ঢুকে গুরুতর জটিলতায় পড়া ১৬ বছর বয়সী এক কিশোরকে সফল চিকিৎসায় সুস্থ করেছেন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) চিকিৎসকদের বিশেষ তৎপরতায় কোনো ধরনের অস্ত্রোপচার বা কাটাছেঁড়া ছাড়াই পায়ুপথ দিয়ে বস্তুটি বের করে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় চার দিন আগে কিশোরটি নিজেই প্লাস্টিকের হ্যান্ড শাওয়ারটি পায়ুপথে প্রবেশ করায়। বিষয়টি সে পরিবারের কাছেও গোপন রাখে। পরে চার দিন পায়খানা বন্ধ থাকার পাশাপাশি তীব্র পেটব্যথা শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর তাকে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। সার্জারি কনসালটেন্ট ডা. আদনান আহমেদ, ডা. সালাহউদ্দিন ও ডা. মনির হোসেনের নেতৃত্বে চিকিৎসক দল বিশেষ প্রক্রিয়ায় বস্তুটি অপসারণ করেন।
এ সময় অ্যানেস্থেশিয়ায় দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আব্বাসী দিপু ও ডা. খুরশিদ আলম।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে কিশোরটি ঝুঁকিমুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ, এ ধরনের ঘটনায় লজ্জা, ভয় বা সংকোচের কারণে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।