খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আয়ুবনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমানগর বেসরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের আসবাবপত্র সংকটের অবসান হয়েছে। দীর্ঘদিন প্রয়োজনীয় টেবিল-চেয়ারের অভাবে বিদ্যালয় দুটির কোমলমতি শিক্ষার্থীদের পাঠগ্রহণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।
শিক্ষার্থীদের এই দুর্ভোগ দূর করতে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার তদারকি ও প্রচেষ্টায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটির সার্বিক সহযোগিতায় বিদ্যালয় দুটিতে নতুন আসবাবপত্র প্রদান করা হয়েছে।
এর আওতায় আয়ুবনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফাতেমানগর বেসরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জোড়া করে মোট ৯০ জোড়া টেবিল ও চেয়ার বিতরণ করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব আসবাবপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে আসবাবপত্র হস্তান্তর করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
আসবাবপত্র হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। নতুন টেবিল-চেয়ার পাওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আরও স্বাচ্ছন্দ্যে পাঠগ্রহণের সুযোগ পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় অভিভাবকরা নতুন আসবাবপত্র পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয়রা মনে করছেন, বিদ্যালয় দুটিতে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠগ্রহণের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।