মোঃ জুয়েল কাজী নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে নগরকান্দা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর থেকে অভিযোগের ভুক্তভোগী লিটন মোল্লা এবং তার সহযোগী সুমন মোল্লাকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা লিটন মোল্লার বড় ভাই এনায়েত মোল্লা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন যে, ডিবি পুলিশের পরিচয়ে লিটনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।অভিযোগ পাওয়ার পর নগরকান্দা থানা পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটন মোল্লা ও তার সহযোগী বড় পাইককান্দি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে সুমন মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুর থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগ তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে লিটন ও সুমনের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরিবারের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে তারা নিজেরাই ডিবি পুলিশের পরিচয়ে অপহরণের নাটক সাজিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।এ অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ এর সার্বিক দিক নির্দেশনায় নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডল।পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।