নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় জে. ইউ. আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ অর্জন এবং সুশৃঙ্খল জীবন গঠনে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় করতালির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, মেধাবীদের সম্মাননা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে।
সমাবেশে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানে অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। অভিভাবকরাও তাঁদের মূল্যবান মতামত তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি, মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন এবং শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।