ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও স্কাপসহ শাকিল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক শাকিল মিয়ার বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তথ্যও পাওয়া গেছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ফেনসিডিল ও ২৫ পিস স্কাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া থানার এসআই শাহীনুর রহমান, এসআই শাহ আলম ও এএসআই মো. আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকার কামরুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ শাকিল মিয়াকে আটক করা হয়।
আটক শাকিল মিয়া ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর এলাকার ইউনুস মিয়ার ছেলে। তার মায়ের নাম জামিলা খাতুন।
পুলিশ আরও জানায়, আটকের পর তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাসহ অন্যান্য তথ্য সিডিএমএসে যাচাই করা হয়। যাচাইয়ে শাকিল মিয়ার বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ১টি চাঁদাবাজি মামলা এবং ১টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে মুলতবি থাকা গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ সংশ্লিষ্ট মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারি, সরবরাহকারী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের ফেনসিডিল ও স্কাপসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।