ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদীর ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড় পলাশবাড়ী এলাকার মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমুদ্দীন (৪৫) এবং একই এলাকার মো. সুবহান আলীর ছেলে মো. দর্শণ আলী (৪০)।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি দল তীরনই নদীর ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অবস্থান করছিল। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে একটি মোটরসাইকেলে তিনজনকে আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সেটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।