চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রচারকে মিথ্যা বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গাড়িটিতে নতুন করে আগুন দেওয়া হয়নি; ২০২৪ সালের ৫ আগস্টের পর দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছিল। পুরোনো পোড়া গাড়ির ওপর পলিথিন দিয়ে আগুন জ্বালিয়ে সাম্প্রতিক ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি সরেজমিনে তদন্ত করতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং বিভিন্ন সংস্থার গোয়েন্দা বিভাগের সদস্যদের নিয়ে সাবেক সংসদ সদস্যের বাড়িতে যান। তদন্তে গিয়ে পুলিশ গাড়িটি আগে থেকেই পোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাড়িটিতে নতুন করে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর গাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় গাড়িটিতে মরিচাও ধরেছে। পরবর্তীতে পুরোনো পোড়া গাড়িটির ওপর পলিথিন বিছিয়ে তাতে আগুন ধরানো হয়। এতে অল্প সময়ের মধ্যেই পলিথিনটি পুড়ে যায়। সেই দৃশ্য ধারণ করে সাম্প্রতিক সময়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।
এদিকে সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফ ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রচার করেছেন বলে অভিযোগ উঠেছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তার সত্যতা তদন্তে পাওয়া যায়নি। বেশ কয়েকটি মামলার আসামি পিএস মারুফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
ওসি আরও জানান, সীতাকুণ্ডে এখন পর্যন্ত কোনো বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।