মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর ,দিনাজপুর, প্রতিনিধি
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনকে বদলির প্রতিবাদে ও তার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধন থেকে স্থানীয়দের পক্ষ থেকে তাকে বহাল রাখার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মোঃ সাদ্দাম হোসেন পার্বতীপুর ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তিনি যেভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করেছেন, তা সাধারণ মানুষের মাঝে দারুণ প্রশংসিত। বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্পের গতি ধরে রাখতে এবং জনসেবামূলক কার্যক্রম স্বাভাবিক রাখতে তার এখানে থাকা একান্ত প্রয়োজন।
বক্তারা আরও বলেন, একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে এভাবে বদলির বিষয়টি স্থানীয়রা সহজে মেনে নিতে পারছেন না। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তার বদলি আদেশটি পুনঃবিবেচনা করেন, সেই দাবি জানান তারা।
উল্লেখ্য যে, গত ৬ জুলাই রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে পার্বতীপুর ইউএনও মোঃ সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলায় বদলি করা হয়েছে। এই আদেশের খবর ছড়িয়ে পড়লে পার্বতীপুরের সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা যায়, যারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার এলাকাবাসী এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।