বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সিলেটসহ বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচাঁন, সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ শান্তু, ওবায়দুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশে ব্যক্তিগত আক্রমণ ও কটুক্তির কোনো সুযোগ নেই। তারা অভিযোগ করেন, এনসিপির কয়েকজন নেতা বিভিন্ন কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা সবসময় মাঠে থাকবে।
তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। দেশের স্বার্থে গণতান্ত্রিক ধারার রাজনীতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
পরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।