কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
রিপোর্ট অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর রাত আনুমানিক ৮টায় জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।