শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শিক্ষকের আন্তরিকতা, ধৈর্য, ভালোবাসা ও সঠিক পরিচর্যা। শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রশিক্ষক ড. শামসুদ্দিন শিশির।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা সিটি মডেল স্কুলে অনুষ্ঠিত ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের বিকাশের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটি ফুলের বাগান পরিচর্যা ছাড়া যেমন সুন্দর হয়ে উঠতে পারে না, তেমনি শিক্ষার্থীরাও যথাযথ যত্ন ও দিকনির্দেশনা ছাড়া নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারে না। একজন শিক্ষকের আচরণ, কথা ও মনোভাব শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের ভুলের জন্য অপমান বা তিরস্কার না করে সংশোধনের সুযোগ দিতে হবে।
কর্মশালায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের পাঠদানের উপযুক্ত কৌশল, শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়ানোর বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন তিনি।
ড. শামসুদ্দিন শিশির বলেন, শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর মেধা ও শেখার সক্ষমতা এক রকম নয়। কেউ দ্রুত শিখতে পারে, আবার কারও ক্ষেত্রে বেশি সময় ও সহযোগিতার প্রয়োজন হয়। বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। কোনো শিক্ষার্থীকে ছোট করে দেখা কিংবা তার ব্যক্তিত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করা একজন শিক্ষকের কাছ থেকে কাম্য নয়। রাগ, ক্ষোভ ও অসহিষ্ণুতা পরিহার করে ইতিবাচক পরিবেশে পাঠদান করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকের অর্জিত জ্ঞান তখনই সার্থকতা পায়, যখন তা শিক্ষার্থীদের জীবন গঠনে কাজে আসে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার উপযোগী করে তুললেই হবে না; তাদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। একজন শিক্ষকের প্রতিটি শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকতে হবে।
শিক্ষকতার দীর্ঘস্থায়ী প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষকের মৃত্যু নেই, শিক্ষক আমৃত্যু।’ একজন শিক্ষক পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর শিক্ষা, আদর্শ ও স্মৃতি শিক্ষার্থীদের জীবনে বেঁচে থাকে। সমাজের প্রতিটি স্তরে শিক্ষকের সম্মান ও অবস্থান বিশেষ মর্যাদার।
তিনি মনে করেন, শিক্ষকতা অন্য সাধারণ পেশার মতো নয়। এটি একটি মহান দায়িত্ব, যার প্রভাব একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত বিস্তৃত হয়। তাই শিক্ষার্থীদের প্রতি অবহেলা নয়, বরং মমতা, দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করাই একজন আদর্শ শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত।
কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।