অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের অবহিত করতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জরুরি গণবিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে নতুন করে কোনো পর্যটক প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।