নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত রাখতে এবং তাদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।
গণশুনানিতে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় এলাকার ভুক্তভোগী ও সাধারণ জনগণ বিভিন্ন সেবাদানকারী দপ্তরের কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।