আগামী ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং।
সভায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বান্দরবানের স্থানীয় পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ন্যস্ত বিভাগসমূহের প্রধানগণ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এ বছর বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে আগত পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশ্ব পর্যটন দিবস ২০২৬ সফলভাবে উদ্যাপনের জন্য বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার আকর্ষণ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।