গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে পৃথক তিন মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার জামালপুর ইউনিয়নের খলাপাড়া ও বাসাইর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় একটি মামলায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় পৃথক দুটি মামলায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এতে পৃথক তিন মামলায় তিন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে গাজীপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিলা আফরিন এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান বাজারে ওজন ও পরিমাপের সঠিক মানদণ্ড নিশ্চিত করা এবং ঔষধ ও কসমেটিকসের ক্ষেত্রে আইন মেনে ব্যবসা পরিচালনায় সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।