কিশোর অপরাধ ও কিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। তিন দিনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৫৪৯ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলার পাঁচটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২২ জন, কমলনগর থানায় ১০ জন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ জন আটক হন। মোট ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৮৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ছাড়া রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
তিন দিনের অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে মোট ৪৬০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে মোট ৮৯ জনকে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।