পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যানবাহনবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে তিনটি পরিবহনকে জরিমানা এবং অননুমোদিত হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মেরিল বাইপাস এলাকায় পরিচালিত এ অভিযানে অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে দুই টি ট্রাক ও একটি বাসের চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে ৩টি অননুমোদিত হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ, পাবনার একটি চৌকস দল নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও শব্দদূষণ মুক্ত পরিবেশ গঠনে জেলা জুড়ে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।