ফরিদপুরের বোয়ালমারীতে ঘরের ভেতর মাল্টিফ্লাগে আঙুল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চুকিনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন চুকিনগর এলাকার মো. তরিকুল শেখের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সকালে ঘরের ভেতরে থাকা একটি মাল্টিফ্লাগে ফারদিন আঙুল দিলে হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারদিনকে মৃত ঘোষণা করেন।
মাত্র দুই বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।