জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়েছে। নতুন প্রজন্মের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। একইসঙ্গে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেনেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিশেষ করে ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে আবেগঘন পরিবেশে কবিতা আবৃত্তিতে অংশ নেয়।
আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে।”
কর্মসূচির সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিহাসচর্চা, দেশপ্রেম এবং সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।