“নিজের আঙ্গিনা নিজের ঘর পরিষ্কার রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে পালিত হয়েছে “ক্লিন ফেনী, ক্লিন পরশুরাম” কর্মসূচি। জেলা প্রশাসনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ব্যানার নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। উপজেলার বিভিন্ন সড়ক, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা, মশাবাহিত রোগ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই “ক্লিন ফেনী” কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।