চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মাইশা মুসফিরাতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুর্ঘটনায় নিহত মাইশার মিরসরাইয়ের বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় মাইশার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন এবং মায়ের সঙ্গে একান্তে সময় কাটিয়ে তাকে ধৈর্য ধারণের সান্ত্বনা দেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বলেন, “একটি দুর্ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এতদিনে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো সঠিকভাবে চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করা হয়নি। এ কারণেই দিনে দিনে আমরা আমাদের সন্তানদের হারাচ্ছি।”
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি এ মহাসড়ক সংলগ্ন এলাকার মানুষ দৈনন্দিন প্রয়োজনে সড়কটি ব্যবহার করেন। তাই প্রশাসন থেকে শুরু করে গাড়িচালক ও মালিক—সবারই সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনা নিশ্চিত করতে হবে।
মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মহাসড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও গাড়ি পার্কিং উচ্ছেদ করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হবে। পাশাপাশি যেখানে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে অনতিবিলম্বে ফুটওভারব্রিজ স্থাপনের জন্য প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাক্ষাৎ শেষে নিহত মাইশা মুসফিরাতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংসদ সদস্য বলেন, “আল্লাহ আমাদের মেয়ে মাইশা মুসফিরাতকে জান্নাত নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মিরসরাই উপজেলা সেক্রেটারি তানজিনা আক্তার লিপি, ১২ নম্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ একরামুল হকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।