‘আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আপনাদের ছেলে হিসেবে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে এবং এলাকার সমস্যা জানতে চাই।’—এমন বক্তব্য দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ লিয়াকত আলী লিকন।
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে তিনি কাজীপাড়া উত্তর জেলে পাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, স্থানীয়দের খোঁজখবর নেওয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি মন্দিরের ধর্মীয় আয়োজনের সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি উত্তর জেলে পাড়ার সড়ক সংস্কার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং এলাকার মানুষের জীবনমান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
লিয়াকত আলী লিকন বলেন, এলাকার কোনো মানুষ যেন বিপদে পড়ে নিজেকে অসহায় মনে না করেন। অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হওয়া উচিত সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু মানবিক দায়িত্ব সবার। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই পাশে থাকার মানসিকতা থাকতে হবে।
দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এজাহারুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ রিপন, মোহাম্মদ মানিক, সৈয়দ শাহাবুদ্দিন, আবু তাহের, মঞ্জু এবং কাজীপাড়া উত্তর জেলে পাড়া দুর্গামন্দিরের সভাপতি জীবন দাশ ও সাধারণ সম্পাদক কুঞ্জ দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকার উন্নয়ন, মানবিক সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মেম্বার পদপ্রার্থী সৈয়দ লিয়াকত আলী লিকন।