ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে অনুদান ও শাড়ি বিতরণ করেন তিনি।
সকাল ১১টায় উপজেলার বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ব্যবসা পুনরায় চালু করতে সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত ১১ জন দোকানমালিককে নগদ ৬০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
দুপুর দেড়টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দরিদ্র মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে চেক এবং ২৫ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।
বিকেলে পরশুরাম উত্তর বাজারের শ্রীশ্রী মা মাতঙ্গিনী দেবী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সাতটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে নগদ অনুদান এবং ৫০টি করে শাড়ি বিতরণ করেন তিনি।
এ সময় মুন্সী রফিকুল আলম মজনু বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই-বোন। গত নির্বাচনে তাঁরাও আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা সব সময় তাঁদের পাশে থাকব।”
তিনি আরও বলেন,মাতঙ্গী দেবী মন্দিরের অধীনে শ্মশানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষার্থী, অসহায় মানুষ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং সনাতন ধর্ম অবলম্বীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।