নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা):
কুমিল্লার চান্দিনা উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে মঙ্গলবার (০৫ মে ২০২৬) ভোররাত প্রায় ৩টা ৩০ মিনিটে গল্লাই ইউনিয়নের কংগাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফুল ইসলাম শরীফ (পিতা: মোঃ আব্দুল আউয়াল), কংগাই গ্রামের বাসিন্দা। তিনি দায়রা মামলা নং-৯০৪/১৪ ও জিআর-১৮৪/১২ (চান্দিনা থানার মামলা নং-২০, তারিখ: ৩১/০৮/২০১২, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০) এর পরোয়ানাভুক্ত আসামী।
চান্দিনা থানার এসআই আলমগীর হোসেন, পিএসআই মোঃ বদিউজ্জামান এবং এএসআই সাম্যশ্রী বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১২ সালের ২৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে অন্যান্য সহযোগীদের নিয়ে ভিকটিম সাইফুল ইসলামের অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয় এবং পরে লাশ গুম করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামী শরীফুল ইসলাম শরীফ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের গ্রেফতারে চান্দিনা থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে, যা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।