রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয়, সেই মানবিক প্রত্যয়ে স্বেচ্ছায় রক্তদানে নতুন রক্তদাতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীতাকুণ্ড পৌর সদরের সিকিউর সিটির সামনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রক্তদানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নতুন রক্তদাতা তৈরি এবং তরুণ সমাজকে মানবিক কাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, রক্তের কোনো বিকল্প নেই। জরুরি মুহূর্তে এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। অথচ এখনো অনেক সময় রক্তের অভাবে রোগীর স্বজনদের দিশেহারা হতে হয়। এই পরিস্থিতি পরিবর্তনে প্রয়োজন সচেতনতা, মানবিকতা ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার মানসিকতা।
তারা আরও বলেন, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ সুযোগ। তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা গেলে রক্তের সংকট অনেকাংশে দূর করা সম্ভব। তাই রক্তদানের ভয় ও ভ্রান্ত ধারণা দূর করে প্রত্যেক সুস্থ ও যোগ্য মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের সভাপতি মো রনি খান, রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের মোহাম্মদ রাজু, হাসান বিন রুহিত, দিদারুল আলম, নুরুল করিম ও আরমান হোসেন, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুখ, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক হালিম, জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহদাত সালেহীন, রক্তের সন্ধ্যানের অ্যাডমিন রনি চৌধুরী, গরীবের বন্ধু ফাউন্ডেশনের আবু তাহের, বাঁশবাড়ীয়া ব্লাড ডোনেট গ্রুপের সদস্য সোহেল এবং সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মো. আকতার হোসাইন এলিটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন রক্তদাতা তৈরি হবে, রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং মানবিক কাজে তরুণদের অংশগ্রহণ আরও জোরদার হবে। তাদের প্রত্যাশা, রক্তের অভাবে কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়—সেই লক্ষ্যেই সীতাকুণ্ডে স্বেচ্ছায় রক্তদানের আন্দোলন আরও বিস্তৃত হবে।