সাজেকের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসন এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাজেকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার সূত্রপাত, আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাজেকের পর্যটন খাত সচল রাখা, স্থানীয় ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য বজায় রাখা এবং পরিবহনসহ পর্যটনসংশ্লিষ্ট সব কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
তবে সভায় আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সংকটের স্থায়ী সমাধানে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে, চলমান পরিস্থিতি নিরসনে উচ্চপর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টায় রাঙামাটির ২৯৮ ও ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য এবং রাঙামাটির জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাজেকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, উচ্চপর্যায়ের এই আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের পথ বের হবে। একই সঙ্গে সাজেকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা, পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য সচল রাখার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।