সত্য প্রকাশে সাহস, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান আর জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। প্রতিষ্ঠার পর থেকেই সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে পাঠক ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে পত্রিকাটি। গণমানুষের কথা তুলে ধরা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে কালবেলা।
এ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার সীতাকুণ্ড প্রতিনিধি এস.এম. ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার। সেই দায়িত্ববোধ থেকে কালবেলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে এগিয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের স্বার্থ নয়—জনগণের স্বার্থই হওয়া উচিত সাংবাদিকতার প্রধান বিবেচ্য বিষয়।
তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় দায়িত্বশীল সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সত্যের অনুসন্ধানই একটি গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। কালবেলা তার সাহসী সংবাদ পরিবেশনার মধ্য দিয়ে অল্প সময়েই যে পরিচিতি অর্জন করেছে, তা দেশের সংবাদপত্র জগতে উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, নুরুল ইসলাম মেম্বার, বাঁশবাড়িয়া বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিব মোজাম্মেল হক সমীরসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণের এই মাইলফলকে বক্তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সত্যের প্রশ্নে আপসহীন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং জনস্বার্থে অবিচল থেকে কালবেলা আগামী দিনেও মানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবে।