সিলেটে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হতে বসেছে দুটি ঐতিহ্যবাহী স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ‘বুধিগাঁও হাওড় পল্লী উন্নয়ন যুব সংঘ’ (রেজিঃ নং ৮৬৯/২০০৩) এবং পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ‘বাওন হাওড় যুব স্পোর্টিং ক্লাব’ (রেজিঃ নং ০০৪৯/১৮) বর্তমানে চরম অস্তিত্ব সংকটে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র নদী ভাঙনের কারণে দুটি ক্লাবের কার্যালয়ই নদীর একদম ধার ঘেষে অবস্থান করছে। যেকোনো মুহূর্তে সম্পূর্ণ অবকাঠামো নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন ক্লাব দুটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এলাকা দুটিতে যুবক ও সাধারণ মানুষের সামাজিক উন্নয়ন, যুব সমাজের চরিত্র গঠন এবং খেলাধুলার প্রসারে দীর্ঘ দিন ধরে সংগঠন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ের তীব্র নদী ভাঙনে সংগঠনগুলোর স্থায়ী ভবন ও আশপাশের এলাকা নদীগ্রাসে পরিণত হচ্ছে।
সংগঠনগুলোর দায়িত্বশীলরা জানান, সরকারি নিবন্ধিত এই ক্লাবগুলো নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে না পারলে এলাকার যুব সমাজ যেমন বিনোদন ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হারাবে, তেমনি স্থানীয় ঐতিহ্যেরও ব্যাঘাত ঘটবে।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল অতি দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে স্থায়ী গাইড ওয়াল বা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।