মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাসড়া এলাকার কাটাখালি ব্রিজ সংস্কারের জন্য বন্ধ করে দেওয়ায় গত তিন দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প দুর্গম পথ দিয়ে চলাচল করতে হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ মাছ বাজার থেকে পূর্ব ও পশ্চিম দাসড়ায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ কাটাখালি ব্রিজটি সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। ফলে ব্রিজের নিচ দিয়ে প্রায় ১৫ ফুট ঢালু নর্দমার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন। কেউ কেউ সাইকেল কাঁধে নিয়ে নর্দমার মধ্য দিয়ে পার হচ্ছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী ছিল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের উদ্যোগে ব্রিজটির সংস্কারকাজ শুরু হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে সংস্কারকাজ শুরুর আগে সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প সাময়িক রাস্তার ব্যবস্থা না করায় ভোগান্তি বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি বন্ধ করার আগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার অনুরোধ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। বর্তমানে ব্রিজটি বন্ধ থাকায় তাঁদের ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, সংস্কারকাজ চলমান রেখেই দ্রুত নিরাপদ বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মানুষের দুর্ভোগ বিবেচনায় ব্রিজটি যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।