চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়কের বেহাল দশা। বিগত পাঁচ থেকে সাত বছর ধরে সড়কটির সংস্কার না হওয়ায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা। বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায়। এ কারণে অটো রিক্সা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। প্রায়ই অটো উল্টে সড়ক দুর্ঘটনা ঘটছে। একটি অটো গেলে বিপরীত দিক থেকে আরেকটি অটো ক্রস করাও সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী, চালক ও পথচারীরা জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা যাতায়াত করে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কটির এই অবস্থা।
তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।