ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ আগস্ট রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইমরুল কাশেমের বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি দেখা দেয়। একই সঙ্গে ভূমি অফিসের সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন) ও বিভিন্ন সার্টিফিকেট-সংক্রান্ত সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া এবং হয়রানির অভিযোগ ছিল।
সম্প্রতি ইমরুল কাশেমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে একটি টেলিভিশন চ্যানেলেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ ও প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়া কর্মচারীর বিরুদ্ধে অভিযোগনামা ও সংশ্লিষ্ট বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর জন্য তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, “তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
প্রশাসনের এ পদক্ষেপের ফলে তানোর ভূমি অফিসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয় নাগরিকরা।