চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় তিন শতাধিক সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নেতৃত্বে জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩০০ সদস্য অংশ নেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়। সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। একই সঙ্গে সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উপস্থিতির মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, সম্ভাব্য নাশকতার প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের বিষয়ে বার্তা দেওয়া হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।