বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন এ্যানীর আগমন উপলক্ষে ফেনীর পরশুরামে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে পরশুরাম স্টেশন রোড থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোডে এসে শেষ হয়।
পরে স্টেশন রোডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, এন নুরুল আবসার, পরশুরাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন মৃদুলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
সমাবেশে বক্তারা তারেক রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন এ্যানীর আগমনকে স্বাগত জানান। তারা বলেন, তাঁদের সফর ফেনী-১ আসনের মানুষের জন্য অনুপ্রেরণার সৃষ্টি করবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।