ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সদর উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম পাশে ঈদের নামাজের মিম্বরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর থানার এসআই (নিঃ) মো. লিখন হোসেন, এএসআই (নিঃ) সারোয়ার জাহানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে উত্তর বোচাপুকুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম (১৯), পিতা—মৃত আব্বাস আলী এবং মাতা—মোছা. শরিফা বেগমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮০ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, “মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করছি।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।