আল-আমিন হাসান,নিকলী কিশোরগঞ্জ
ঈদুল আযহার ছুটিকে ঘিরে কিশোরগঞ্জের নিকলী হাওরে বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। যদিও এখনো পুরোপুরি বর্ষার পানি আসেনি, তবুও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ ও হাওরপাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আসছেন ভ্রমণপিপাসুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই নিকলী হাওর এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে অনেকে ঘুরতে আসছেন হাওরপাড়ে। বিশেষ করে বিকেলের দিকে পর্যটকদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।
দর্শনার্থীরা জানান, শহরের যান্ত্রিক কোলাহল ও ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে তারা খোলামেলা প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে নিকলী হাওরে আসছেন। যদিও এখনো পুরোপুরি পানি আসেনি, তারপরও বিস্তীর্ণ মাঠ, উন্মুক্ত পরিবেশ ও হাওর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তাদের আকৃষ্ট করছে।
পর্যটকদের বাড়তি উপস্থিতিকে কেন্দ্র করে সড়কের দুই পাশে অস্থায়ী বিভিন্ন দোকান গড়ে উঠেছে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। এতে কিছু কিছু এলাকায় ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে।
স্থানীয়দের দাবি, পর্যটকদের সুবিধার্থে সুশৃঙ্খল পরিবেশ ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নিকলী হাওর দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পাবে